শরতের দুর্গোৎসবের আনন্দ ফুরোতেই সনাতন ধর্মাবলম্বীদের দ্বারে কড়া নাড়ছে আলোর উৎসব দীপাবলি ও শ্যামাপূজা। বাংলার ঘরে ঘরে এই অমাবস্যা তিথিতে মা কালীর আরাধনার পাশাপাশি অলক্ষ্মীকে বিদায় জানিয়ে ঘরে লক্ষ্মী ও গণেশকে স্বাগত জানানো হয়। শাস্ত্র মতে, দীপাবলির পবিত্র রাত অত্যন্ত ফলদায়ী। তবে এই উৎসবে সর্বাধিক শুভ ফল লাভ করতে হলে দীপাবলির ঠিক আগেই গৃহের বাস্তুতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা আবশ্যক।
চলুন জেনে নেওয়া যাক, কালীপুজো বা দীপাবলির প্রাক্কালে বাস্তুমতে আপনার ঘরে কোন ৩টি প্রধান পরিবর্তন আনা উচিত:
- ১) ধন রাখার স্থান পরিবর্তন: বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর দিক হলো ধনসম্পদ ও কুবেরের স্থান। তাই দীপাবলির ঠিক আগে আপনার টাকা বা ক্যাশ বাক্সটি ঘরের উত্তর দিকে স্থানান্তরিত করুন। এতে সংসারে আর্থিক সমৃদ্ধি ও বরকত বৃদ্ধি পায়। পাশাপাশি এই দিকে মা লক্ষ্মীর একটি সুন্দর ছবিও প্রতিস্থাপন করতে পারেন।
- ২) মূল প্রবেশদ্বার পরিষ্কার ও সজ্জা: আপনার ঘরের সদর দরজা বা প্রধান প্রবেশদ্বার সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। দরজার আশপাশে যেন কোনো ময়লা বা জঞ্জাল জমে না থাকে। সেইসঙ্গে সুন্দর তোরণ এবং তাজা গাঁদা ফুলের মালা দিয়ে সদর দরজাটি নান্দনিকভাবে সাজিয়ে তুলুন, যা পজিটিভ এনার্জি আকর্ষণ করে।
- ৩) ঘরবাড়ি গুছিয়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা: আসবাবপত্র থেকে শুরু করে ঘরের প্রতিটি জিনিস একদম নির্দিষ্ট স্থানে সুন্দরভাবে গুছিয়ে রাখুন। কোনো বস্তু যেন যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে না থাকে। এছাড়া দীপাবলির রাতে ঘরের প্রতিটি অন্ধকার কোণ প্রদীপ বা উজ্জ্বল আলোয় ভরিয়ে তুলুন।
________
